আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ত্রিপুরাসহ অন্যান্য নৃ-জনগোষ্ঠির অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাড়িতে বাড়িতে পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্ম প্রণতি জানাবেন তারা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ফটিকছড়ির সনাতন অধ্যুষিত জনপদে প্রতি বছরের ন্যায় এবারও উৎসব আমেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।



