চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, তাঁকে পরিকল্পিতভাবে ঋণখেলাপি বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, “আমি ঋণখেলাপি নই, আমি ঋণগ্রহীতা। ব্যাংকে আমার ঋণ রয়েছে, কিন্তু আমি খেলাপি নই।” শুক্রবার ফটিকছড়ি সদর বিএনপির কার্যালয়ে তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর দাবী করেন, তিনি একজন ব্যবসায়ী। ২০১৮ সালের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাঁকে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে দেয়নি। এর ফলে তিনি সময়মতো শ্রমিকদের বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো মামলা হতো, তা হওয়ার কথা ছিল শ্রম আইনে, ঋণখেলাপির অভিযোগে নয়।” তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ দিন ধরে তাঁকে ঋণখেলাপি আখ্যা দিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হচ্ছে। তবে এই কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতকে উদ্দেশ করে সরওয়ার আলমগীর বলেন, “আমার প্রতিপক্ষ কোনোদিন ভোটে জিততে পারবে না। তারা হাইকোর্টে গিয়ে আমাকে নির্বাচন থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হবে না।” তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, ফটিকছড়ি হেফাজতের আমির ও গাউছুল আজম মাইজভান্ডারির পুণ্যভূমি। এখানকার মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারাই ধর্মান্ধ। “আগামী ১২ তারিখ ফটিকছড়ির মানুষ এই ধর্মান্ধ রাজনীতির জবাব দেবে,”—বলেন তিনি।



