দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার রামগড় উপজেলার সদর ইউনিয়নের বনবিহার এলাকায় গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

রামগড় উপজেলা সদর থেকে প্রায় ৩.৫ কিলোমিটার দূরবর্তী এই এলাকায় আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রমটি রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়ন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক চিকিৎসা সেবা প্রদান করেন।
একই সময় শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকরা উপকৃত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’



