ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর অভিযানে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে শটগান, পিস্তল, এয়ার গানসহ বিভিন্ন অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের ফটিকছড়ি সেনা ক্যাম্পের পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করেন। আটক সন্ত্রাসীরা হলেন—মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। তারা দু’জনই ফটিকছড়ি উপজেলার ধর্মপুরের আব্দুল মালেকের ছেলে।
সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, .৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০ রাউন্ড এয়ার গান এ্যামোনিশন, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।
আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




