কাঞ্চননগরে মুজিবুর রহমান (২৮) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কর্ণফুলী চা-বাগানের মাইচ্ছের ছোলা এলাকার একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির বাসিন্দা। তিনি কৃষক নুরুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিব তেমুহনি বাজার এলাকার ইসমাইলের গ্যারেজ থেকে তার আনটেস্ট (ভাড়ায় চালিত) মোটরসাইকেলটি মেরামত শেষে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”



