ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে জরিমানা আদায় ও জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং টিলা পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. ইউনুস নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, গতকাল (রোববার) ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরং খাল পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পরে সোমবার বিকালে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত তিনটি স্পটের বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি জানান, পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



