হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনা (৩৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। খবর বাংলা টিভির। রোববার চিকনদণ্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিনটি একনলা শটগান, পিস্তলের ১১ রাউন্ড গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ ৫১ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ ও বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নতুন করে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলার আসামি তিনি বলে জানিয়েছে পুলিশ।




