চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় ঝড়ো হাওয়ায় একটি আমগাছ ভেঙে পড়ে চলন্ত প্রাইভেটকারের ওপর, এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৩ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাইভেটকারটি রামগড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে সড়কের পাশে থাকা একটি পুরোনো আমগাছ ভেঙে পড়ে। এ সময় গাছটি চলন্ত গাড়ির ওপর পড়লে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত গাড়িতে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং সড়ক থেকে গাছ অপসারণের করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী পাইন্দং ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, ঝড়ো বাতাসে একটি শতবর্ষী আমগাছ ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে কেউ আহত না হলেও গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে গাড়ীটি উদ্ধার করে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



