ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সাজু উচ্চ আদালতের আদেশে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় এলাকায় রাজনৈতিক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকদিনের মধ্যে চেয়ারম্যান সাজু এলাকা ত্যাগ করেন এবং দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতে প্রশাসনের নিযুক্ত একজন প্রশাসক পরিষদের দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (৩ জুন) উচ্চ আদালতের আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিয়ে চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সাজু পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
দায়িত্ব গ্রহণের বিষয়ে চেয়ারম্যান সাজু বলেন, আমি অপসারিত হইনি। উচ্চ আদালতের আদেশ এবং প্রশাসনের সহযোগিতায় আমি দায়িত্বে ফিরেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আবারও পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।
এদিকে, চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অভিযোগ উঠেছে, কিছু বিএনপি নেতাকর্মীর সহায়তা ও পৃষ্ঠপোষকতায় তিনি এলাকায় ফিরে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(৪ জুন) সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় বিএনপিরর বেশ কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যানের প্রত্যাবর্তনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন অভিযোগ আমাদের নজরে এসেছে। যদি কোনো ব্যক্তি বা নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিতর্কিত ভূমিকা পালন করে থাকেন, তাহলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাগানবাজার এলাকায় দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নানা বাধার মুখে ছিলেন। অতীতে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনুভূতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, উচ্চ আদালতের আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা ছয় মাসের জন্য স্থগিত হওয়ায় চেয়ারম্যান তার পদে ফিরে দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভার চেয়ারম্যান ও মেয়রদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত বেশ কয়েকজন জনপ্রতিনিধি ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকা ত্যাগ করেন। তাদের মধ্যে কয়েকজনকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে একাধিক চেয়ারম্যান পুনরায় দায়িত্বে ফিরে আসেন। সর্বশেষ বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সাজুর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।



