ফটিকছড়ির সীমান্তবর্তী রামগড় সোনাইপুল চেকপোস্ট এলাকায় যেন একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতরেই বসেছিল ক্ষুদ্র এক জনসভা। পাঁচ থেকে ছয়জন যাত্রী বহনের উপযোগী একটি অটোরিকশায় শিশুসহ ১৫ জন যাত্রী নিয়ে দিব্যি ছুটছিলেন চালক। তবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলা সেই যাত্রা বেশিদূর এগোতে পারেনি; চেকপোস্টে পৌঁছাতেই ধরা পড়ে যান তিনি।
বৃহস্পতিবার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত যাত্রীবোঝাই অটোরিকশাটি আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে অটোরিকশাসহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পুলিশ বলছে, সিএনজিটি দেখে মনে হচ্ছিল যাত্রী পরিবহনের চেয়ে ‘ধারণক্ষমতার পরীক্ষা’ চলছে। গাড়িটির ভেতরে ও পাশে গাদাগাদি করে থাকা যাত্রীরা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারতেন। অভিযানে আরও ছয়টি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম বলেন, অতিরিক্ত যাত্রী বহন শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যাত্রীদের জীবনের জন্যও বড় ঝুঁকি। সোনাইপুল চেকপোস্ট এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



