ফটিকছড়ি অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজসহ মো. ইসমাইল (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার ধুরুং এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. ইসমাইল উপজেলার উত্তর ধুরুং এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফটিকছড়ি থানার ধুরুং জুবলী স্কুলের উত্তর পাশে কয়েকজন ব্যক্তি অস্ত্র ও অন্যান্য অবৈধ সামগ্রী নিয়ে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে ইসমাইলকে আটক করা হয়। পরে তার বহন করা বস্তা তল্লাশি করে একটি দেশীয় এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।



