ফটিকছড়িতে স্লুইসগেটের ড্রেনে পড়ে শিশু মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে স্লুইসগেট সংলগ্ন ড্রেনের পানিতে পড়ে তাসপিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২১ জুন) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর এলাকার বদিউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তোহা স্থানীয় ব্যবসায়ী মঞ্জুরুল হকের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় সবার অগোচরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যায় শিশু তোহা। একপর্যায়ে বাড়ির পাশের স্লুইসগেট সংলগ্ন ড্রেনের পানিতে পড়ে ভেসে যায় সে। 

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অগোচরে বাড়ির পাশের স্লুইসগেটের ড্রেনে পড়ে আমার ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বাবু বলেন, সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ড্রেনের পানিতে পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?