চট্টগ্রামের নবঘোষিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে ভৌগোলিক ও প্রশাসনিক দিক বিবেচনায় যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
এ উপলক্ষে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় দাঁতমারা ইউনিয়নের একটি রেস্তোরাঁয় ‘সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও জনদাবির পর ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, উপজেলা সদর দপ্তর নির্ধারণের ক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট এলাকার স্বার্থ নয়; বরং ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং সাধারণ মানুষের যাতায়াতের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিন তদন্তের মাধ্যমে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে সর্বাধিক উপযোগী স্থানে সদর দপ্তর স্থাপনের আহ্বান জানান।
তারা বলেন, একটি উপজেলার সদর দপ্তর শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র নয়; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নেরও কেন্দ্রবিন্দু। তাই অপরিকল্পিতভাবে সদর দপ্তর নির্ধারণ করা হলে ভবিষ্যতে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এ কারণে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সদর দপ্তরের স্থান চূড়ান্ত করার দাবি জানান তারা।
সভায় বক্তব্য দেন ভুজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, বাগানবাজার ইউনিয়ন বিএনপি নেতা মো. মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াস, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আহমদ ছাফা, হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ আজিজি, ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর, সিদ্দিক আহমদ কালা এবং জসিম উদ্দিন।
সভায় একরামুল হক একরাম দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার পাশাপাশি বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়ন পুনর্বিন্যাস করে ৬-৭টি ইউনিয়ন গঠন এবং দাঁতমারায় উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য সংশ্লিষ্টদের কাছে জোরালো তদবিরের আহ্বান জানান।



