চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ কার্যক্রমে ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ির পাশাপাশি বোয়ালখালী ও হাটহাজারী উপজেলায় ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায়ও ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশন জরুরি উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাঠে কাজ করছে।



