ফটিকছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ইউসুফ আরফাত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকায় খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার দুর্গম রোসাংগিরি এলাকাসহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের ১৭০টি পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুইমারা রিজিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো দুর্গত পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণ পেয়ে রোসাংগিরি এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন, “বাড়ির চারপাশ এখনো পানিতে ডুবে আছে। বাজারে যাওয়ারও সুযোগ নেই। এমন সময়ে সেনাবাহিনী বাড়ির কাছে এসে ত্রাণ পৌঁছে দেওয়ায় পরিবার নিয়ে কিছুটা স্বস্তি পেলাম।”

স্থানীয় গৃহিণী শাহানারা বেগম বলেন, “কয়েক দিন ধরে পানিবন্দি অবস্থায় আছি। ঘরে যা ছিল, তা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেনাবাহিনীর দেওয়া খাদ্যসামগ্রী আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করছে। প্লাবিত এলাকাগুলোতে অসহায় মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে তারা প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?