চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমোদনে ফটিকছড়ির ঐতিহ্যবাহী শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন মো. ওমর ফারুক নান্নু। তিনি শাহনগর গ্রামের মরহুম জহুরুল ইসলামের ছেলে। এলাকায় তিনি প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক হিসেবে সমাধিক পরিচিত।
মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মোছলেহ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কমিটি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
অনুমোদিত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি নিলীমা প্রভা দেবী, অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়, প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি প্রতিষ্ঠান পরিচালনায় সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
মো. ওমর ফারুক নান্নু বলেন, ‘এই দায়িত্ব আমাকে প্রাণিত করেছে। আমি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে সুনামের পাশাপাশি বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাবো। তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করেন এবং প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধে আন্তরিকভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান।’



