ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা-সংক্রান্ত আপিলের রায় আগামীকাল বুধবার (২৯ জুলাই) ঘোষণা করবেন আপিল বিভাগ। এ রায়ের মাধ্যমে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন নির্ধারণ করেন। এর আগে, সারোয়ার আলমগীরকে শপথ পড়ানো এবং জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর মঙ্গলবারই আদেশ হওয়ার কথা ছিল। তবে এদিন বিষয়টির ওপর পুনরায় শুনানি শেষে আদালত রায় ঘোষণা একদিন পিছিয়ে দেন।
মামলার সূত্রে জানা যায়, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
আপিলে নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যেন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এবং সংসদের অধিবেশনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন।



