নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির ঐতিহ্যবাহী নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানপ্রধান অসীম কুমার চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম, অভিভাবক প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এরআগে, গত ২৬ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ব্যাংকার মুহাম্মদ নুর নেওয়াজ চৌধুরীকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ অ্যাডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে জাহানারা বেগম, অভিভাবক প্রতিনিধি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ এবং প্রতিষ্ঠান প্রধান অসীম কুমার শীল পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।

এসময় নাজিরহাট আদর্শ ব্যাবসয়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু ও নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ শেবুল উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?