চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রাউজান উপজেলার বাসিন্দা, ব্যবসায়ী ও বিজয় টিভির সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক রনি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী-রাঙামাটি সড়কের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক রনি ব্যবসায়িক কাজ শেষে নিজ বাড়ি রাউজানে ফিরছিলেন। পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে তাঁর প্রাইভেটকার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে গাড়িটি লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রাইভেটকারের গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সাংবাদিক রনি বলেন, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রথমে ইট-পাটকেল ছোড়া হয়, পরে পরপর তিন রাউন্ড গুলি করা হয়। আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত নই।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন ব্যবসায়ীর চলন্ত গাড়িতে গুলি নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



