ত্রয়োদশ জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গাউসকে।
কমিটির সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩), মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু (নওগাঁ-৫), মোহাম্মদ আব্দুল মান্নান (ব্রাহ্মণবাড়িয়া-৫), সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২), সুলতানা জেসমিন (সংরক্ষিত মহিলা আসন-৪৯), মোহাম্মদ মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), মোহাম্মদ আব্দুল আলীম (বাগেরহাট-৪) এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ (খুলনা-৬)।



