ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
বাংলাদেশ নিয়ে মন্তব্য না করে তাকে নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়ির বিবিরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার আলমগীর।
শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, এসব মন্তব্যের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে।
শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান, বাংলাদেশ নিয়ে নয়।’ ভারতে মুসলিম অধ্যুষিত এলাকায় নানা সংকট থাকলেও বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিক সেবা থেকে কাউকে বঞ্চিত করা হয় না।
সরোয়ার আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে বিভাজিত নয়; সবাই বাংলাদেশি। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পাহাড়ি-সমতল কিংবা মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান- সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভোমিক, মিন্টু নাথ ও সাগর দেসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন।



