পরিচ্ছন্ন পৌর শহর গড়তে ফটিকছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

ফপ্র সারথি

পরিচ্ছন্ন পৌর শহর গড়ার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ফটিকছড়ি পৌরসভা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

উদ্বোধনকালে সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি।’

তিনি বলেন, ফটিকছড়ি পৌরসভাকে পরিচ্ছন্ন ও নান্দনিক হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। এ কাজে পৌরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

কর্মসূচিতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) বিপ্লব মুহুরীসহ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?