চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) দুপুরে নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এসময় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ‘তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেরিনারি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ এর একটি ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারী ব্যবসায়ীদের এসব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, নাজিরহাট বাজারে অবৈধ দখল ও অনুমোদন-লাইসেন্স ছাড়া ফিড বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। জনস্বার্থ ও বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



