চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর বিচার হবে এবং তাঁকে কারাগারে যেতে হবে।
মঙ্গলবার বিকেলে ফটিকছড়িতে ‘দেশে পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। যখন তিনি বাংলাদেশে আসবেন, সরাসরি জেলখানায় যাবেন এবং তাঁর বিচার হবে। ডিসেম্বরের হুমকি দিয়ে কোনো লাভ নেই।’
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। ‘রাজাকার-স্বৈরাচার মিলেমিশে একাকার হলেও ইনশা আল্লাহ পরাজিত শক্তিরা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না।’
সরোয়ার আলমগীর ফটিকছড়িকে আরও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।



