৮ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়ির হালদায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি স্থান থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ নেতৃত্ব দেন। পরে জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে। এসময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?