ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আফছার আহম্মদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল, দীর্ঘ সময় পেরিয়েও তা স্মরণ করেন দলের প্রবীণ নেতাকর্মীরা। তবে, তাঁর মৃত্যুবার্ষিকীতে কোন উদ্যোগ নেই উপজেলা বিএনপির।
আফছার আহম্মদ চৌধুরী ছিলেন ফটিকছড়ির রাজনীতির এক প্রভাবশালী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু তিনি দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফটিকছড়িতে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা ও নতুন নেতৃত্ব তৈরিতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
মাত্র ২১ বছর বয়সে নিজ গ্রাম ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবায় আত্মনিয়োগ করেন তিনি। রাজনীতির পাশাপাশি সমাজসেবা, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও ছিল তাঁর সক্রিয় ভূমিকা। তিনি ছিলেন একজন দানশীল সমাজসেবক, শিল্পপতি ও ব্যবসায়ী। ফটিকছড়ি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
মুক্তিযুদ্ধকালেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। দেশপ্রেম, সাহসিকতা ও রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও জনসম্পৃক্ত রাজনীতিবিদ হিসেবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন আফছার আহম্মদ চৌধুরী। নির্লোভ, নিরহংকার ও ত্যাগী এই নেতার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্ব তাঁকে ফটিকছড়ি ছাড়িয়ে সমগ্র উত্তর চট্টগ্রামে পরিচিত করে তুলেছিল।
সময়ের পরিবর্তনে নতুন প্রজন্মের অনেকের কাছে তাঁর রাজনৈতিক জীবন ও অবদান হয়তো অজানা। তবে বিএনপির প্রবীণ নেতাকর্মীদের স্মৃতিতে এখনো অমলিন তাঁর কর্মময় জীবন। ফটিকছড়িতে বিএনপির রাজনৈতিক ইতিহাস ও সাংগঠনিক বিকাশের আলোচনা করতে গেলে অবধারিতভাবেই উঠে আসে আফছার আহম্মদ চৌধুরীর নাম।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা আফছার আহম্মদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। তাঁকে যথাযথভাবে স্মরণ করতে আমরা একটি বড় পরিসরের অনুষ্ঠানের পরিকল্পনা করছি। তবে আজকের দিনে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।



