আইনশৃঙ্খলা সভায় সরোয়ার আলমগীর, এমপি

শান্ত ফটিকছড়িকে অশান্ত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না

নিজস্ব প্রতিবেদক

মাদক, সন্ত্রাস ও নাশকতাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, শান্ত ফটিকছড়িকে অশান্ত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরও সদস্য।

সম্প্রতি ফটিকছড়িতে সংঘটিত অপরাধমূলক ঘটনার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের ভয়ের কোনো কারণ নেই। পুলিশকে সাহস জোগাতে গত সোমবার রাতে সংঘটিত ঘটনার অপরাধীদের ধরতে রাত সাড়ে ১১টায় তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংগঠনটির নেতারা বিদেশে বসে উসকানি দিচ্ছে। কিশোরদের প্রলোভন দেখিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। অথচ এসব কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।

ফটিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে সরোয়ার আলমগীর বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিহত করতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাঁওতাল ও মারমাসহ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, এ জন্য সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের ফটিকছড়িবাসীর সহযোগিতা চান তিনি।

এদিকে আসন্ন মহান বিজয় দিবস ব্যাপক আয়োজনে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের বহু স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ এলাকায় অবস্থান নিয়েছিলেন। বিজয় দিবসের আয়োজনে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

ফটিকছড়ির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরোয়ার আলমগীর বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মহিনুল হাসান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভা শেষে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?