বাংলাদেশে আঘাত এলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’-সংক্রান্ত প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই প্রতিবাদ ও হুঁশিয়ারি জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, যেখানে ভারতের পুতুল পতিত ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেননি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। তাদের মতে, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের পরীক্ষিত শক্তি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভীত হয়ে পড়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

নেতারা আরও বলেন, বাংলাদেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না। বরং দেশে ভারতের আর যত চিহ্নিত প্রভাব বা স্বার্থসংশ্লিষ্ট পক্ষ রয়েছে, সেগুলো একে একে নির্মূল করা হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমান বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। ভারতের উচিত বাস্তবতা অনুধাবন করা। ১৭ বছর হাসিনাকে জনগণের ওপর চাপিয়ে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব খর্ব করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ, ইসলামপন্থিদের ওপর বিচারিক হত্যাকাণ্ড, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এর জবাব দেওয়ার কথা বলা হয় বিবৃতিতে।

সংখ্যালঘু প্রসঙ্গে হেফাজত নেতারা বলেন, নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে ভারত বাংলাদেশকে ঘিরে হিন্দু নির্যাতনের ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না এবং ভারতের অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স পেরিয়ে দিল্লির মসনদ পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। জুলাইয়ে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, প্রয়োজনে সামরিকভাবে শক্তিধর মুসলিম দেশগুলোও ভ্রাতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের পাশে দাঁড়াবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?