শিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে বসতঘর ও সেলাই মেশিন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এসব সহায়তা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফটিকছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আশ্চর্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছাফি উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন।
অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ৪২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ১১৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৫৮ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৯ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। একই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে ১২ জনকে বসতঘরও হস্তান্তর করা হয়।



