ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের (DU Students Association of Fatikchhari) ২০২৬ সালের নতুন কমিটির আংশিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া হলরুমে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে সদস্যদের সরাসরি ভোটে গরিষ্ঠতা অর্জন করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা। নবনির্বাচিত সভাপতি নাঈম চৌধুরী ফটিকছড়ি পৌর এলাকার বাসিন্দা এবং সাধারণ সম্পাদক তারেক হোসেন দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ডুসাফ। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সদস্যদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত মানোন্নয়নে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে সংগঠনটি।



