ফটিকছড়ির ক্রীড়া ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ঐতিহ্যবাহী সংগঠন শাহনগর প্রগতি সংঘের উদ্যোগে ৩০তম ক্রীড়া আসর উপলক্ষে আয়োজিত প্রগতি ফুটবল টুর্নামেন্ট–এর বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে প্রগতি স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত এ আয়োজন উৎসবমুখর পরিবেশে প্রাণ পায়।
ক্লাবের উপদেষ্টা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রথম শ্রেণির খেলোয়াড় ও ফটিকছড়ি পৌরসভা জামায়াতের সহ-সভাপতি দিদারুল আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি- আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ কে করিম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি থানা যুব ও ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের আজীবন দাতা সদস্য হাজী সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক নেজাম পাশা, ডা. সুজন কুমার শীল, খালেদ হোসেন বাবু, আবু তানহা, অমর কান্তি দে, সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন ও আবু বকর।
সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মাসুদ করিম। এছাড়া বক্তব্য রাখেন টুর্নামেন্ট আহ্বায়ক হাসান, সচিব এইচ এম বাপ্পি, সমন্বয়ক নজরুল, ডা. মোজাম্মেল, সাহেদ, গিয়াস ও রাশেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘ ৩৩ বছর ধরে শাহনগর প্রগতি সংঘের ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা, অনৈতিকতা ও লক্ষ্যহীন জীবনযাপন থেকে দূরে রাখতে প্রগতি সংঘ একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে।




