দুর্নীতি, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ দেশের অগ্রগতির প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ কখনো এগোতে পারে না। দাঁড়িপাল্লার গণজাগরণ কোনোভাবেই ঠেকানো যাবে না।
শনিবার রাতে নারায়নহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা শাহজাহান বলেন, “১২ ফেব্রুয়ারি নিয়ে আমরা শুনতে পাচ্ছি একটি দল আওয়ামী লীগের মতো ভোট ডাকাতির পরিকল্পনা করছে। তারা নাকি রেজাল্ট পাল্টে দেবে। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, এবারের নির্বাচন শহীদ উসমান হাদির রক্তের ওপর অনুষ্ঠিত হচ্ছে, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর অনুষ্ঠিত হচ্ছে।” তিনি ভূজপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে গণপ্রতিরোধ গড়ে তুলুন। গণপ্রতিরোধ গড়ে তুলতে পারলে কোনো ভোট ডাকাতের এ ফটিকছড়িতে স্থান হবে না।”
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বেকারদের ভাতা দেওয়ার কথা বলছি না। বেকারত্ব দূর করতে কর্মস্থান সৃষ্টি করে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করব।”
জনসভায় প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের শিক্ষার ধার সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে এবং শিক্ষা গ্রহণের পথে থাকা সব ধরনের বাধা দূর করা হবে।”
তিনি আরও বলেন, নারীদের শিক্ষার মানোন্নয়ন এবং মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানো হবে, যাতে তারা দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে। নারীর শিক্ষা শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়, বরং এটি জাতির অগ্রগতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শিহাব উদ্দিন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশিদ মিনহাজ, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার এবং এনসিপির উত্তর জেলা সমন্বয়ক একরামুল হক প্রমুখ।
ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোট ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




