এবার ফটিকছড়ির মোটরসাইকেল চালকদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে সরাসরি তেল পর্যবেক্ষণ ব্যবস্থা। ফটিকছড়ির তরুণ উদ্যোক্তা ইনজামাম অপুর উদ্যোগে চালু হওয়া এই সেবার মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে এক ক্লিকেই জানা যাচ্ছে—কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং কোথায় কখন তেল আসবে।
২৩ মার্চ ফটিকছড়ি উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে ওয়েবসাইটের লিংকটি শেয়ার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
পোস্টে তিনি লিখেন, জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘব করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে “লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম”। এখন থেকে পাম্পে যাওয়ার আগে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে—উপজেলার কোন পাম্পে বর্তমানে তেল সরবরাহ হচ্ছে, কখন সরবরাহ হবে এবং কোথায় মজুদের অবস্থা কেমন।
লিংক: https://fuel.fatikchhari.com/
তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু বলেন, “মানুষের ভোগান্তি দেখে মনে হলো কিছু একটা করা দরকার, যাতে কেউ তেল নিতে এসে ফিরে না যায়। সেই চিন্তা থেকেই এই লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম চালু করেছি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত এটি আপডেট করা হচ্ছে। ভবিষ্যতে এতে আরও ফিচার যুক্ত করে উপজেলার খুচরা বিক্রয় কেন্দ্রগুলোর তথ্যও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “প্রযুক্তির এই যুগে সাধারণ মানুষের জন্য এটি একটি সহজ ও কার্যকর সেবা। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।”



