ফটিকছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল টেকের দোকান সংলগ্ন বখতেয়ার তালুকদার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দেয়া তথ্য অনুযায়ী, রান্না ঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। মুহুতেই আগুনের লেলিহান শিখা সবখানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ফলে তিনটি পরিবারের ঘরে থাকা কোন সম্পদই রক্ষা করা যায়নি।
অগ্নিদুর্গত পরিবারগুলো হলো ছালাহ উদ্দিন ও তার ভাই মোহাম্মদ এনাম এবং আবুল কাশেমের পরিবার। স্থানীয়দের বরাতে এসব পরিবার খুবই গরীব ও অসহায়।
ঘটনার সত্যতা নিশ্চিত নাজিরহাট পৌরসভার প্রশাসনকি কর্মকর্তা মো. আবছার উদ্দিন জানান, ‘অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে যথাসম্ভব সহায়তার কথা বিবেচনা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
স্থানীয় বাসিন্দা মো. এয়াকুব আলী বাদশা বলেন, ‘টিনশেড়ের বসতঘরগুলো হারিয়ে তিনটি পরিবার নিঃস্ব ও সর্বহারা হয়ে গেলো। এখন আমাদের একটি মাত্র দায়িত্ব তাদের সহযোগিতা করা, যার যতটুকু সম্ভব। কিন্তু খোদার অপরিসীম রহমতের স্বাক্ষী হলাম, তাঁর কুদরতে আশেপাশের ঘরগুলো অল্পের জন্য রক্ষা পেলো।’
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, ‘গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তার আগে আমরা আশেপাশের ঘরগুলো রক্ষাসহ অন্তত এক লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি চুল্লি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’



