ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়া থেকে নতুন পাড়া হয়ে এলাহি নুর চা বাগান সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে জমে পানি ও কাঁদা, যা দ্রুত হাঁটু সমান হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, চা বাগান এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা এসব রাস্তা সংস্কারে তেমন আগ্রহ দেখান না। তাদের দাবি, এ সড়ক দিয়ে মূলত চা বাগানের ভারী যানবাহন চলাচল করে বলেই অবহেলার শিকার হচ্ছে এলাকাবাসীর একমাত্র চলাচলের পথ।
এলাকাবাসী আরও জানান, বাগান কর্তৃপক্ষ নিয়মিত সরকারকে কর প্রদান করে। তাই সরকারেরই উচিত এসব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার করা। অথচ বছরের পর বছর কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।
সড়কের ভয়াবহ চিত্র উঠে এসেছে বিভিন্ন ছবিতে। দেখা যায়, কাঁদায় আটকে পড়া একটি অ্যাম্বুলেন্সকে কয়েকজন যুবক ধাক্কা দিয়ে পার করে দিচ্ছেন। এমন পরিস্থিতি জরুরি সেবাকেও ঝুঁকির মুখে ফেলছে।
প্রায় শতাধিক পরিবারের বসবাস এ এলাকায়, যেখানে প্রতিদিন দুই শতাধিক মানুষ এ সড়ক ব্যবহার করেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় বর্ষা মৌসুম এলেই তাদের হাঁটু সমান কাঁদা মাড়িয়ে চলাচল করতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।
স্থানীয়দের ভাষায়, “আমাদের কাছে বৃষ্টি মানেই আতঙ্ক।” বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাঁদায় একাকার হয়ে যায়, অনেক সময় গৃহবন্দি হয়ে পড়তে হয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন শেষ হলেই সেই প্রতিশ্রুতি হারিয়ে যায়। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



