২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের ছোঁয়া পাচ্ছে ফটিকছড়ির কাজিরখিল-এখখুলিয়া সড়ক

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত কাজিরখিল-এখখুলিয়া সড়ক অবশেষে উন্নয়নের আওতায় এসেছে।

শনিবার (৯ মে) সকালে সড়কটির উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ শহীদুল আজম। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে- এমন প্রত্যাশায় উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের এডিবি প্রকল্পের আওতায় ৬ লাখ টাকা বরাদ্দ এবং স্থানীয়দের সহযোগিতায় সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। বর্ষা মৌসুমে কাদা ও খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়া সড়কটি সংস্কার হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির শিকার হতে হতো। অবশেষে উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল আজম বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রধান ভিত্তি। এই সড়কের উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থাকেই গতিশীল করবে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা এয়াকুব, মাওলানা ওসমান, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, শহীদুল্লাহ্, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন, ইব্রাহিম খলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?