৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুমৃত্যু:

স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলার অভিযোগ, গঠিত হবে তদন্ত কমিটি!

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে সাপের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠনের ঘোষণা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. আয়াত স্থানীয় বাসিন্দা মো. রবিউল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায় আয়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় বিলম্ব করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?