২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুহূর্তেই সব শেষ রিয়াদের

স্বপ্নের গরু বজ্রপাতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

কোরবানির ঈদকে ঘিরে কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিল মাদ্রাসাছাত্র রিয়াদের। দীর্ঘদিনের কষ্ট আর যত্নে লালন করা গরুটি বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটানোর আশা করেছিলেন তিনি। কিন্তু এক ঝলক বজ্রপাত মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন।

রোববার(২৪মে) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের চামারদিঘী এলাকায় বজ্রপাতে মারা যায় কোরবানির হাটে বিক্রির জন্য আনা একটি গরু। 

স্থানীয় সূত্র জানায়, ঈদ সামনে রেখে অনেক যত্নে গরুটি মোটাতাজা করেছিলেন রিয়াদ। পরিবারের আর্থিক কষ্ট দূর করতে গরুটি ছিল তাঁর একমাত্র বড় ভরসা। সকালে তিনি গরুটি চামারদিঘী গরুর বাজারে নিয়ে যান। ক্রেতারাও গরুটির দাম প্রায় এক লাখ টাকা পর্যন্ত বলছিলেন। এতে খুশি ছিলেন তিনি। মনে মনে হয়তো সংসারের নানা হিসাবও কষছিলেন।

কিন্তু দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। গরুটিকে নিরাপদ ভেবে সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। কিছুক্ষণ পর বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলেই মারা যায় গরুটি।

চোখের সামনে নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন রিয়াদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্ট করে গরুটি লালনপালন করেছি। বিক্রির টাকায় পরিবারের জন্য কিছু করার স্বপ্ন ছিল। বাজারে এনে ভালো দামও পাচ্ছিলাম। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।

স্থানীয়রা জানান, নিম্নআয়ের পরিবারের জন্য একটি গরু শুধু একটি পশু নয়, এটি একটি পরিবারের আশা-ভরসা, বেঁচে থাকার সংগ্রামের বড় অবলম্বন। তাই বজ্রপাতে গরুটির মৃত্যুতে রিয়াদের পরিবারে এখন নেমে এসেছে গভীর হতাশা।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন বলেন, প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নেই। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?