মানবিক সেবার অঙ্গীকার নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফটিকছড়ির কাঞ্চননগর রেনেসাঁ আয়োজন করেছে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। কাঞ্চননগর রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ১২০০ রোগী বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
ক্যাম্পে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ ইলিয়াস। স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন শিক্ষাবিদ মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী শাহ আলম ও ডা. আবরার ফয়সাল সিয়াম। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুদের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাঞ্চননগর রেনেসাঁ ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



