ঝড়ো হাওয়ায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ওপর ভেঙে পড়ে একটি বিশাল আকাশমনি গাছ। এতে বিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের আগে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ বলেন, “দুপুরে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি, ভবনের পাশের একটি বড় আকাশমনি গাছ ঝড়ের তীব্রতায় উপড়ে গিয়ে বিদ্যালয় ভবনের ওপর আছড়ে পড়েছে। এতে ভবনের ছাদসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি এমনিতেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে বিশাল গাছটি ভবনের ওপর পড়ে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে এবং বৈদ্যুতিক মিটারও নষ্ট হয়েছে। তবে ঘটনাটি ছুটির দিনে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি।” প্রধান শিক্ষক জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও স্থাপনারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।



