চিকিৎসার পাশাপাশি মানবিক উদ্যোগ:

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের পুষ্টি ও মানসিক স্বস্তির কথা বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে এ ব্যতিক্রমী উদ্যোগ। ফল পেয়ে রোগীদের মাঝেও দেখা গেছে আনন্দ ও স্বস্তির অনুভূতি।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে আম ও লিচু বিতরণ করা হয়। প্রতিটি রোগীকে দুটি করে আম এবং ছয়টি করে লিচু দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের শারীরিক পুষ্টির চাহিদা পূরণ, মানসিকভাবে চাঙা রাখা এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার ও আন্তরিক আচরণ রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ভাবনা থেকেই মৌসুমি ফল বিতরণের এ আয়োজন করা হয়।

ফল হাতে পেয়ে অনেক রোগীকেই আনন্দ প্রকাশ করতে দেখা যায়। রোগীদের স্বজনরাও হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সুস্থতার পথে বাড়তি অনুপ্রেরণা জোগায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “রোগীদের শুধু ওষুধ দিলেই দায়িত্ব শেষ হয় না। তাদের পুষ্টি ও মানসিক সুস্থতার দিকেও সমান গুরুত্ব দিতে হয়। ছোট ছোট এমন উদ্যোগ রোগীদের মন ভালো রাখতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।”

স্বাস্থ্যসেবায় মানবিকতা ও যত্নের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও হাসপাতাল কর্তৃপক্ষ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?