চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার বাসিন্দা এবং প্রয়াত খালেদ চৌধুরীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।



