চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি গ্রামের তরুণ। শৈশব কেটেছে পাহাড়ঘেরা জনপদে। সেই তরুণই এবার বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণ সম্মাননা ‘সোর্ড অব অনার’ অর্জন করে আলোচনায় এসেছেন। তিনি সাব-লেফটেন্যান্ট মো. ইনতিসার ইসলাম ইনান।
গত রোববার চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত মিডশিপম্যান ২০২৩-বি ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ চৌকস মিডশিপম্যান হিসেবে ইনানের হাতে ‘সোর্ড অব অনার’ তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
জানা যায়, প্রশিক্ষণকালীন মেধা, নেতৃত্ব, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতায় সেরা প্রশিক্ষণার্থীকেই এ সম্মাননা দেওয়া হয়। দুই বছরের কঠোর প্রশিক্ষণ শেষে সেই স্বীকৃতি পেয়েছেন ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামের সন্তান ইনতিসার।
ইনতিসারের পরিবারেও রয়েছে নৌবাহিনীর ঐতিহ্য। তাঁর বাবা আলী নেওয়াজ বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন শাখায় সিনিয়র চিফ পেটি অফিসার হিসেবে কর্মরত। দাদা মরহুম নুরুল ইসলামও নৌবাহিনীর সদস্য ছিলেন। পরিবারের সেই ধারাবাহিকতায় এবার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নৌবাহিনীতে যোগ দিলেন ইনতিসার।
গ্রামে তাঁর সাফল্যের খবর পৌঁছানোর পর আনন্দের আবহ তৈরি হয়েছে। আত্মীয়স্বজন, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অভিনন্দনে ভাসাচ্ছেন তাঁকে। তাঁরা বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের জন্য এ অর্জন নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।
ইনতিসারের জেঠা ও জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, ‘কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে ইনান মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বের পরিচয় দিয়েছে। তার এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো ফটিকছড়ির গর্ব।’
স্থানীয় সমাজকর্মী ও ব্যাংকার হাসান শামসুদ্দিন বলেন, ‘ইনতিসারের সাফল্য তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর অর্জন নতুন প্রজন্মকে দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।’



