ফটিকছড়িতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেলে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী সাইম (১৪) আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মনসুরের ছেলে। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মিনহাজ ও সাইম নয়াহাট বাজার থেকে ডেকোরেশনের মালামাল বোঝাই করে একটি ট্রলি নিয়ে পাশের কাশেম চেয়ারম্যান বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ট্রলিতে থাকা দুই কিশোর গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য রুমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডেকোরেশনের মালামাল নিয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কিশোর চালক মিনহাজের মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



