চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (১২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন শাহিন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। পদাধিকারবলে প্রতিষ্ঠানপ্রধান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি রনজিৎ চক্রবর্তী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি আবু এখলাছ ঝিনুককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী গঠিত এ অ্যাডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগের কোনো প্রক্রিয়া গ্রহণ করা যাবে না।
নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন শাহিন বলেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।



