চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। একই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিনা আক্তারকেও ফুল দিয়ে বরণ করা হয়।
সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সুযোগ-সুবিধা আদায় এবং শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। শিক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন।
প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা, অর্জন ও সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে প্রেসক্লাব সবসময় সহযোগিতা করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গণমাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে পেরে বিদ্যালয় পরিবার আনন্দিত।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিনা আক্তার বলেন, একটি মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আমীর হোসেন, সহকারী শিক্ষক মীর হাসান মুহাম্মদ মোস্তফা, মাওলানা তৌহিদ, হেমন্ত পাল ও ওসমান গণি। এছাড়া বিএনপি নেতা বেলাল হোসেন, মো. মিল্টন, বখতিয়ার চৌধুরী, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন, ছাত্রদল নেতা মেহেদী, মো. আলী ও নাহিদ হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



