গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি বলেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত সাংবিধানিক সংকট মোকাবিলায় তিনি সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। পরে সেই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে চিঠিতে উল্লেখ করেন। তাঁর দাবি, এ প্রক্রিয়ায় দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। সম্প্রতি তাঁর শরীরে পক্ষাঘাত দেখা দিয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে-মধ্যে অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলেও চিঠিতে উল্লেখ করেন।
চিঠির শেষাংশে মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



