চট্টগ্রামের ফটিকছড়িতে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারি কর্মসূচি নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।



