চট্টগ্রামের ফটিকছড়িতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল থাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে পাইন্দং ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি বৃন্দাবনহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মহিন উদ্দিন চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও তাদের প্রার্থী নুরুল আমিন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে সরোয়ার আলমগীরকে দীর্ঘ চার মাস সংসদে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করেছেন। এর ফলে ফটিকছড়ির উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সরকারি বিভিন্ন বরাদ্দ থেকেও এলাকা বঞ্চিত হয়েছে বলে তারা দাবি করেন। এসব ঘটনার দায় জামায়াতের প্রার্থী নুরুল আমিনের ওপর বর্তায় বলেও বক্তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দৌলত মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন হক লিটন, নুরুল আলম, আহমদ ছাপা মেম্বার, শাহিন উদ্দিন, মো. সাদ্দাম, দিদার, ছাত্রদল নেতা আলফাজ উদ্দিন মারুফ ও নাইমুল বশর রিয়াদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




