উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট

হালদায় বালু উত্তোলনে অভিযান; ফ্ল্যাশিং আউট করে বালু নদীতে ফেরত

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদীসংলগ্ন বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।


অভিযানকালে বিপুল পরিমাণ উত্তোলিত বালু ও বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউটের মাধ্যমে পুনরায় হালদা নদীতে ফেরত দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো বিনষ্ট করা হয়।


অভিযানটি হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের চলমান তৎপরতার অংশ বলে জানিয়েছেন প্রশাসন।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘হালদা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। অবৈধ বালু উত্তোলনে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। হালদা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?